
শেষ আপডেট: 18 October 2023 20:19
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: তৃণমূল পার্টি অফিসের ভিতরে ঝুলছে দেহ! বুধবার সাত সকালে এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে চন্দ্রকোণায়।
ঝাঁকরা এলাকায় তৃণমূল পার্টি অফিসে কয়েক মাস আগে থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকতে শুরু করেন। এদিন সেই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে তাঁর দুই ভাইও থাকত সেখানে। এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গৌরাঙ্গ মণ্ডল। তাঁর দুই ভাই গৌতম ও শিবশঙ্করও এখানে থাকেন। তিনজনের বাড়িই চন্দ্রকোনা থানারি বাগপোতা এলাকায়।
এদিন গৌরাঙ্গকে পার্টি অফিসের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর দুই ভাই। সেই দৃশ্য দেখে তাঁরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ছুটে আসেন। ভিড় জমে যায় পার্টি অফিসের চারিপাশে। খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানার পুলিশকে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গৌরঙ্গের ভাই গৌতম জানিয়েছেন, তিনি পার্টির হোলটাইমার। ভাইয়ের চিকিৎসা চলছিল। স্কুলের মিড ডে মিলের খাবার খেতেন। এখানেই থাকতেন। ভোরে উঠে দেখেন ভাই গামছা গলায় বেঁধে ঝুলছেন।