
শেষ আপডেট: 15 December 2023 16:15
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: চলন্ত ট্রেনের মধ্যে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন কনস্টেবল। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ (৪৪)।
এসআরপি হাওড়া (জিআরপি) পঙ্কজ দ্বিবেদী জানান, আপ হাওড়া- বর্ধমানের শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করার সময় রাত সাড়ে ১২ টা নাগাদ পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন শুভঙ্কর। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিজের মাথায় গুলি চালানোর আগে তাঁর মোবাইলে একটি ফোন এসেছিল। এই ফোন পাওয়ার পরই শুভঙ্কর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
বর্ধমান জিআরপিতে পোস্টিং ছিলেন। বর্ধমানের বড়নীলপুরে তাঁর বাড়ি। মৃতের মা আরতি সাধুখাঁ বলেন, "বৌমার জন্যই আমার ছেলে আত্মঘাতী হয়েছে। বিয়ের পর থেকেই বৌ ও শাশুড়ি আমার ছেলের উপর অত্যাচার করত। তার জন্যই ছেলে আত্মঘাতী হয়েছে।" আরতীদেবীর দাবিকে সমর্থন জানান পাড়া প্রতিবেশীরাও। প্রতিবেশী বেবি দাস বলেন, "বছর দশেক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বৌ, শাশুড়ি ও শালা অত্যাচার করত ওর উপর। শুভঙ্কর খুব ভালো ছেলে ছিল।"
প্রতিবেশী বাসন্তী দাস বলেন, "বৌয়ের চাপে শুভঙ্কর বাড়ি ভাড়া নিয়ে অন্যত্র চলে যান। শুভঙ্কররা দু'ভাই। বড় দাদার দোকান আছে। তাই বাবা মরে যাওয়ার পর মা ও দাদা বাবার চাকরি ছোট ছেলে শুভঙ্করকে করতে বলে। সেই থেকেই রেল পুলিশের চাকরি করতেন শুভঙ্কর।" আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু করেছে জিআরপি।