দ্য ওয়াল ব্যুরো : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছুরি নিয়ে তরুণীর ওপরে ঝাঁপিয়ে পড়েছিল এক যুবক। মোট ২৩ বার আঘাত করেছিল তাকে। গুরুতর আহত অবস্থায় সেই তরুণী ভর্তি হয় হাসপাতালে। সুস্থ হয়ে ওঠার পরে সে প্রতিজ্ঞা করে, আক্রমণকারীকে শাস্তি দিয়েই ছাড়বে। কিন্তু আদালত মুক্তি দেয় যুবকটিকে। কেননা বিচারপতিদের মনে হয়েছিল, ওই তরুণীর অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। যুবকটি ছাড়া পেতে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে দেশ জুড়ে। বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট ফের শুরু করতে চলেছে ওই মামলা।
পাকিস্তানের ঘটনা। তরুণীর নাম খাদিজা সিদ্দিকি। বয়স ২৩। আইনের ছাত্রী। লাহোরে থাকেন। ২০১৬ সালের মে মাসে একদিন বোনকে স্কুলে দিতে এসেছেন এমন সময় ছুরি নিয়ে তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়ে আততায়ী। রাস্তায় কেউ তাকে আটকাতে চেষ্টা করেনি। শেষপর্যন্ত তাঁদের গাড়ির ড্রাইভার যুবকটিকে ধাক্কা মেরে সরিয়ে খাদিজাকে নিয়ে যায় হাসপাতালে।
খাদিজা পুলিশকে জানান, তাঁর আক্রমণকারীর নাম শাহ হুসেন। ২০১৭ সালে তার সাত বছরের জেল হয়। হুসেনের বাবা একজন নামজাদা আইনজীবী। তিনি আদালতে আপিল করেন। গত ৪ জুন হুসেন ছাড়া পেয়ে যায়। আদালত বলে, খাদিজার বক্তব্যে নানা অসঙ্গতি আছে। তাই হুসেনকে কারাদণ্ড দেওয়া ঠিক হবে না।
তার পরে সোশ্যাল মিডিয়ায় খাদিজার হয়ে প্রচার চলতে থাকে। মিডিয়াও সরব হয়। শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট জানায়, গ্রীষ্মের ছুটির পরে ফের ওই মামলায় শুনানি হবে।