
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 18 March 2025 14:04
দ্য ওয়াল ব্যুরো: নতুন করে ওবিসি সমীক্ষা (OBC Certificate) করা হবে বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) জানিয়ে দিল রাজ্য সরকার (West Bengal Government)। কারা ওবিসি, সে সব খতিয়ে দেখতে এবং অন্তর্ভুক্তির জন্য তিন মাস সময় লাগবে বলেও জানানো হয়েছে।
সেই মতো যাতে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়, সেই আর্জিও করেন সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল। রাজ্যের আবেদন মেনে নিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি জুলাই মাসে।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত ২২ মে ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ চালু করেছিল রাজ্য। যা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই মামলায় রাজ্যের সংরক্ষণ নির্দেশ বাতিল করে হাইকোর্ট জানিয়েছিল, 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না'।
গত বছর ৫ অগস্ট ওবিসি মামলাটি প্রথম বার ওঠে সুপ্রিম কোর্টে। কোন পদ্ধতি মেনে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সব পক্ষকে নোটিস জারি করে আদালত। তবে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট।
যে কারণে হাইকোর্টের নির্দেশ মেনে কোথাও ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না উপভোক্তারা।