দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীর এবং লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে সরকার। পাশ হয়েছে বিল। এই সিদ্ধান্তকেই যুগান্তকারী বললেন লাদাখের বিজেপি সাংসদ জামইয়াং সেরিং নামগ্যাল। তাঁর বক্তব্য, "লাদাখের মানুষ চায়নি কাশ্মীরের অনুগত হয়ে থাকতে। ৭০বছর ধরে লাদাখ চেয়েছে আলাদা হতে। এত দিনে স্বপ্ন সত্যি হল।"
লাদাখের স্বশাসিত পাহাড় উন্নয়ন পর্ষদের শীর্ষ আধিকারিক পি ওয়াংগ্যাল আরও একধাপ এগিয়ে বলেছেন, "লাদাখের মানুষ কাশ্মীর থেকে স্বাধীনতা চেয়েছিল। ৭০ বছর ধরে তা হয়নি। অবশেষে বাস্তবায়িত হল।"
একই মত লাদাখের বৌদ্ধ অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা পিটি কুনজাং-এর। তাঁর কথায়, "যেদিন থেকে ৩৭০ ধারা চালু হল, সে দিন থেকেই লাদাখ এই শেকল থেকে মুক্তি চেয়েছে। আজ তা সম্পূর্ণ হয়েছে।"
সোমবার সংসদে যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিদ্ধান্ত পড়ছিলেন, তখনই বলেছিলেন, "লাদাখের মানুষ যা চায়, সেটাকেই মর্যাদা দিয়েছে সরকার।" সেখানকার বন্ধুর অবস্থা, জনসংখ্যা- সবটা বিবেচনা করেই সরকার আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছিলেন অমিত শাহ। লাদাখের বিজেপি সাংসদেরও দাবি, দশকের পর দশক ধরে লাদাখ যা চেয়েছে, তাকে মর্যাদা দিল নরেন্দ্র মোদী সরকারই।