ছোট্ট শৌচালয়ে একসঙ্গে বন্দি চিতাবাঘ আর কুকুর! ঘণ্টার পর ঘণ্টা এভাবেই, তার পরে কী হল
দ্য ওয়াল ব্যুরো: দুই শত্রু এক ঘরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর, অক্ষত অবস্থায় বেড়িয়ে আসলে, তাঁদের তো বাহবা দিতেই হয়। এই ক্ষেত্রেও অন্যথা হল না। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার প্রবীন কাসওয়ান সম্প্রতি টুইটারে এমন এক ঘটনার বিবরণ দিয়ে, রীতিমতো চমকে
শেষ আপডেট: 4 February 2021 10:29
দ্য ওয়াল ব্যুরো: দুই শত্রু এক ঘরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর, অক্ষত অবস্থায় বেড়িয়ে আসলে, তাঁদের তো বাহবা দিতেই হয়। এই ক্ষেত্রেও অন্যথা হল না। ইন্ডিয়ান ফরেস্ট অফিসার প্রবীন কাসওয়ান সম্প্রতি টুইটারে এমন এক ঘটনার বিবরণ দিয়ে, রীতিমতো চমকে দিলেন সকলকে।
ঘটনাটি ঘটেছে কর্নাটকে। বনের মধ্যে মুখোমুখি কুকর আর একটি লেপার্ড। কুকুরটার পিছনে ছুটতে ছুটতে লেপার্ডটি চলে আসে জনবসতিপূর্ণ এলাকায়। এমনকি একজনের বাড়িতেও ঢুকে পড়ে তারা। শেষ পর্যন্ত এক বাড়ির বাথরুমে কুকুরটা ঢুকে পড়ায়, ভিতরে ঢুকে কুকুরের মুখের সামনে মহারাজের মতো বসে থাকে লেপার্ডটি।

আতঙ্কে, ভয়ে তটস্থ এলাকার মানুষ। যে বাড়িতে এমন ঘটনা ঘটেছে, সেই পরিবারের এক সদস্য বাথরুমের দরজা বাইরে থেকে আটকে রেখে দেন ঘণ্টার পর ঘণ্টা। মাত্র দু হাত দূরত্বে জুবুথুবু হয়ে বসে থাকে লেপার্ড, কুকুর দু'টোই। কিন্তু বাথরুমের দরজা খোলার পর তো অবাক কান্ড!

সকলেরই ধারণা ছিল, কুকুরটা বোধহয় আর প্রাণে বাঁচবে না। কিন্তু ঘটল একেবারে উল্টো ঘটনা। একেবারে অক্ষত অবস্থায় বেড়িয়ে এসেছে কুকুরটি। তাদের একটি ছবি শেয়ার করে প্রবীন কাসওয়ান টুইটারে লিখেছেন, "প্রত্যেকের জীবনেই একদিন সুসময় আসে। যেমন এই কুকুর আর লেপার্ডটা এক বাথরুমে আটকে থাকার পরেও, প্রাণে বেঁচে ফেরে কুকুরটা। এটা শুধুমাত্র ভারতেই সম্ভব!" টুইটটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় গোটা সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শেয়ারও হচ্ছে পোস্টটি।