
প্রয়াত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্ত।
শেষ আপডেট: 25 June 2024 22:29
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৩৭। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসক অনির্বাণ দত্তর। তরুণ চিকিৎসকের অকালমৃত্যুতে শোকস্তব্ধ চিকিৎসক মহল।
কোভিডের সময় চিকিৎসকদের অবদান নিয়ে গান লিখে এবং গেয়ে সমাজমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা অনির্বাণ। গানের মাধ্যমেই দেশের চিকিৎসা খাতে ব্যয়-বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে জনমানসে দাগ কেটেছিলেন।
২০১৮ সাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরই মৃত্যু। এদিনই বহরমপুরে চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অনির্বাণের পড়াশোনা মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতাল থেকে তিনি করেছিলেন এমডি পিজিটি প্যাথোলজি। জনপ্রিয় চিকিৎসকের অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।