
শেষ আপডেট: 21 November 2023 15:35
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উদ্ধার হল যুবতীর পচাগলা দেহ। গোলাপবাগ ক্যাম্পাসের পরিখায় দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনা ঘিরে ক্যাম্পাসে শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃত যুবতীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরিখায় হঠাৎই ওই যুবতীর দেহ ভাসতে দেখেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। তাঁরা বর্ধমান থানায় খবর দেন।
এই ঘটনার সামনে আসার পর থেকে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যুবতীকে খুন করে ফেলে দেওয়া হয়েছে কিনা, দেহ কোথা থেকে কীভাবে ক্যাম্পাসের মধ্যে এল, যুবতীর পরিচয়ই বা কী, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমন দীপ জানান পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র জানিয়েছেন, লহরে (পরিখা) মহিলার মৃতদেহ ভাসার খবর পেয়ে রেজিস্ট্রার বর্ধমান থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে। ওই মহিলার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মী বা পড়ুয়া নন। জলাশয় বা লহরের একটা অংশ অসুরক্ষিত। রাস্তার দিকের অংশ খোলা। মনে হয় ওই দিক থেকে ঢুকতে পারেন ওই মহিলা।