
শেষ আপডেট: 22 August 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। তিনদিন নিখোঁজ থাকার পর, সোমবার বালিগঞ্জের (Ballygunge) এক হোটেলের ঘর থেকে উদ্ধার হল তাঁর নিথর দেহ (A dead body Recover)! মৃত যুবকের নাম সিরাজউদ্দিন মোল্লা।
জানা গেছে, ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকের বাসিন্দা সিরাজ একটি অ্যাপ বাইক সংস্থায় কাজ করতেন। সকাল হলেই বাইক নিয়ে বেরিয়ে পড়তেন, ফিরতেন রাতে। অনেক সময় সারা রাতও বাইক চালাতেন। কিন্তু বৃহস্পতিবার কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তিনি।
পরিবারের লোকেরা প্রথমে নিজেরাই খোঁজখবর শুরু করেন। যেখানে যেখানে যেতে পারেন, সেখানে খবর নেওয়া হয়। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায় না সিরাজের। তারপরই কালীতলা আশুতি থানায় নিখোঁজ ডায়েরি করেন।
অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সিরাজের একাধিক পরিচিত ও বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদও করা হয়। সোমবার বালিগঞ্জের এক হোটেলের ঘর থেকে উদ্ধার হয় সিরাজের দেহ।
সোমবার রাতে পুলিশ, মৃতের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের লোকজন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ জানা যাবে না। তবে মৃতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সিরাজের পরিবার খুনের অভিযোগ তুলেছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।
আরও পড়ুন: রাজু ঝা-র ঘনিষ্ঠ বিজেপি নেতা গ্রেফতার! উদ্ধার আগ্নেয়াস্ত্র