
শেষ আপডেট: 17 April 2024 14:05
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বড্ড খিদে পেয়েছিল। তাই হাঁসের ঘরে চুপি চুপি ঢুকেছিল গোখরো। খিদের জ্বালায় আটটা ডিম গিলে নিয়ে পেট ফুলে ঢোল। গোখরোর এমন কীর্তি দেখতে ভিড় জমল গৃহস্থের বাড়িতে।
বলাগড়ের জিরাট গ্রাম পঞ্চায়েতের মুন্ডুখোলা গ্রামের দীনবন্ধু বাগের বাড়িতে হাঁসের ঘরে একটি গোখরো সাপ ঢুকে ছিল। বুধবার গৃহকর্ত্রী নমিতা বাগ হাঁসের ঘর থেকে ডিম বের করতে গিয়ে দেখন সেখানে শুয়ে আছে মস্ত একটি গোখরো। হাঁসের সব ডিম খেয়ে পেট ফুলে ঢোল হয়ে গেছে তার। নড়াচড়ার শক্তি নেই।
তাঁরা তখনই বলাগড় থানায় খবর দেন। থানা থেকেই তখন যোগাযোগ করা হয় বন্যপ্রাণী উদ্ধারকারী বনমালী তপাদারের সঙ্গে। পুলিশের নির্দেশে ওই বাড়িতে সাপ উদ্ধার করতে যান বনমালী। বেশ কিছুক্ষণের মধ্যেই ঝিমিয়ে পড়া সাপটিকে হাঁসের ঘর থেকে বের করে আনেন তিনি।
বনমালী বলেন, "আটটা ডিম খেয়ে হজম করতে পারেনি সাপটি। গলা পর্যন্ত খেয়ে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল। সাপটিকে তুলে উঠোনে ছেড়ে দিলে, মুখ দিয়ে একে একে আটটি ডিম উগরে ফেলে সে। ঝিমিয়ে থাকলেও একটু সুস্থ হতেই আবার ফণা তুলে দাঁড়ায়।"
দীনবন্ধু বাগের ভাইয়ের ছেলে শুভজিৎ বাগ বলেন, "জেঠিমার হাঁস মুরগির ঘরে একটি বিষধর গোখরো ঢুকে পরেছিল। জেঠিমা ডিম আনতে গিয়ে দেখেন সাপটি শুয়ে আছে। জেঠিমার চিৎকারে গ্রামবাসীদের ভিড় জমে যায়। আমি বন দফতরের নম্বর না পেয়ে পুলিশে জানাই। পুলিশ বনমালীর নম্বর দেয়। সাপটিকে জারে ভরে উদ্ধার করে নিয়ে যান বনমালী। সুস্থ করে জঙ্গলে ছেড়ে দেন।"