শেষ আপডেট: 22 November 2021 15:56
কিডসোপোলিস কার্নিভ্যালে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতাতেও অংশ নেয় বাচ্চারা। শিশুদের আনন্দ দিতে মজাদার ম্যাজিক শো আর ফ্যাশন শোয়েরও আয়োজন করা হয়৷ কোভিডের কারণে টানা দুবছর ঘরে বন্দি থাকার পরে এইরকম একটা মজাদার কার্নিভ্যালে অংশ নিতে পেরে বাচ্চারা স্বভাবতই খুব খুশি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোনালী চৌধুরী এবং বিঞ্জ বেফিকারের প্রতিষ্ঠাতা পরিচালক আনিশা মোহতা। তাঁরা যৌথভাবে প্রতিযোগিতার বিজয়ীদের কাছে পুরস্কার তুলে দেন। এছাড়া অ্যাক্রোপলিস মলের পক্ষ থেকে 'পাঠচালা'র শিশুদের শিক্ষামূলক স্টেশনারী প্রদান করেন জিএম কে বিজয়ন। প্রাক্তন মিসেস বেঙ্গল সেকেন্ড রানার আপ, মিস এশিয়া ইউনিভার্স আইকনিক জুরি, অভিনেত্রী, মডেল এবং মোটিভেশনাল স্পিকার অর্পিতা বসু ছিলেন বাচ্চাদের ফ্যাশন শোটির বিচারক। অভিনব পোশাক প্রতিযোগিতার বিচারক ছিলেন কোরিওগ্রাফার এবং ক্লাসিক্যাল নৃত্যশিল্পী দেবযানী ভট্টাচার্য। বসে আঁকো প্রতিযোগিতার থিম ছিল কোভিড ১৯।
এই কার্নিভ্যাল নিয়ে মন্তব্য করতে গিয়ে,অ্যাক্রোপলিসের জিএম কে বিজয়ন বলেন, “গত দুই বছর ধরে কোভিড শিশুদের ঘরবন্দি করে রেখেছে। এই বিচ্ছিন্নতা শিশুমনকে স্বাভাবিকভাবেই প্রভাবিত করেছে। খেলাধুলোর বদলে মোবাইল গেমের ভার্চুয়াল জগতে আরও বেশি জড়িয়ে পড়েছে তারা৷ আজকের ডিজিটাল বাচ্চাদের পড়াশোনার দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা, ভিজ্যুয়ালাইজেশনের শক্তি এবং সামাজিক দক্ষতার বিকাশ ঘটানো অত্যন্ত দরকার। আর তাঁর জন্য দরকার সুস্থ সামাজিক মেলামেশা, আদানপ্রদান।" 'কিডসোপোলিস' কার্নিভ্যালে বাচ্চাদের ছবি আঁকা, একসঙ্গে খেলাধুলো, ম্যাজিকের আসরের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনার চেষ্টাই করেছেন বলে দাবি জানান তিনি।
সামাজিক দূরত্ববিধি ও যাবতীয় কোভিড প্রোটোকল মেনেই এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাক্রোপলিস কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানের এক্সক্লুসিভ ফুড পার্টনার ছিল ক্যালকাটা ডেলিকেসিস, পপকর্ন পার্টনার ব্যাটকেভস পপকর্ন আর উপহার স্পনসর করা হয় লিংক পেনের তরফে।