
শেষ আপডেট: 4 May 2023 13:29
দ্য ওয়াল ব্যুরো: গ্রহখেকো তারা!
গপাগপ গ্রহ (Planet) খেতেই পছন্দ করে মহাকাশের এই শিকারি। ওত পেতে থাকে কাছেপিঠে চলে আসা নিরীহ কোনও গ্রহ বা মহাজাগতিক বস্তুর। তারপর সুযোগ বুঝেই গপ করে গিলে ফেলে। সটান চালান করে দেয় পেটে।
আয়ু ফুরিয়ে আসছিল ক্রমশ। ফুলেফেঁপে ভীষণ হয়ে উঠেছিল সেই রাগী নক্ষত্র। আয়তন বেড়ে গিয়েছিল কয়েকগুণ। রক্তচক্ষু করে শিকারের খোঁজ করছিল। কাছাকাছি এসে পড়া বিশাল এক গ্রহকেই নিশানা করে সে। সাপ যেমন আকারে বড় কোনও প্রাণীকেও সর্পিল প্যাঁচে পাকিয়ে নিজের মুখগহ্বরে ঢুকিয়ে নিতে পারে, সেই নক্ষত্রও তেমন আড়েবহরে বিশাল এক গ্রহকে একেবারে আস্ত গিলে ফেলেছে। ব্যাপার দেখে হতবাক নাসার বিজ্ঞানীরা। নাসার নিওওয়াইস মহাকাশযান থেকে ওই শিকারি নক্ষত্রের শিকার ধরার দৃশ্য লেন্সবন্দি হয়েছে।

মহাকাশে তারায়-তারায় যুদ্ধ হয়, নক্ষত্রকে কামড়ে ছিঁড়ে খায় কোনও রাক্ষুসে ব্ল্যাকহোল। তবে এমন গ্রহখেকো তারার দেখা কমই পাওয়া যায়। আমাদের সৌরজগতের বাইরেও অজস্র নক্ষত্রমণ্ডল আছে, যেখানে সূর্যের চেয়ে বহুগুণে বড় নক্ষত্রকে কেন্দ্র করে পাক খেয়ে চলেছে কোনও না কোনও গ্রহ। তেমনই এক নক্ষত্রজগতে এই ঘটনা ঘটেছে।
আকাশগঙ্গা ছায়াপথেই অবস্থান সেই নক্ষত্রের। পৃথিবী থেকে প্রায় ১২ হাজার আলোকবর্ষ দূরে। আকিলা নক্ষত্রপুঞ্জের কাছাকাছি তার অবস্থান। বৃহস্পতির থেকে আয়তনে ১০ গুণ বড় এক গ্রহকে গিলে ফেলেছে সেই রাক্ষুসে নক্ষত্র। শিকার ধরার আগে তার হাবভাবই বদলে যায়। প্রবল বিচ্ছুরণ শুরু হয়। ফুলেফেঁপে ওঠে তার মহাজাগতিক শরীর। রক্তবর্ণ হয়ে ওঠে চোখ। চক্কর কাটতে কাটতে যেই না নক্ষত্রের থেকে দূরত্ব কমে যায় গ্রহের, সেই মুহূর্তে গ্রহটিকে খপাৎ করে গিলে ফেলে সেই নক্ষত্র। বিজ্ঞানীরা বলছেন, নক্ষত্রটির বয়স হয়েছিল। আয়ু ফুরিয়ে আসছিল। প্রচণ্ড মহাকর্ষীয় টানে সে গ্রহটিকে টেনে নেয় নিজের দিকে। সুবিশাল সেই নক্ষত্রের ভেতরেই বিলীন হয়ে যায় গ্রহটি। আমাদের সৌরগজগতেও সূর্যের আয়ু ফুরিয়ে এলে এমন ঘটনা ঘটতে পারে বলেই ধারণা বিজ্ঞানীদের। হয়ত সূর্যের পেটেও ধীরে ধীরে ঢুকে যাবে বুধ, মঙ্গল, পৃথিবীর মতো গ্রহ।