
কামালগাজি উড়ালপুল। ফাইল চিত্র
শেষ আপডেট: 22 October 2023 18:22
দ্য ওয়াল ব্যুরো: ঠাকুর দেখতে যাওয়ার আগে রেশমি খাতুন বাড়িতে বলে বেরিয়েছিলেন, 'তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব...'। কিন্তু আর ফেরা হল না। ঠাকুর দেখে ফেরার পথে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণী। রবিবার সকালে কামালগাজি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। প্রেমিকের সঙ্গে ঠাকুর দেখে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মৃতার প্রেমিক।
পুলিশ সূত্রে খবর, আকাশ মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন রেশমি। কামালগাজি সেতু ধরে এলাচির দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই দুর্ঘটনা ঘটে।
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীদের কথায়, উড়ালপুলের ওপর খুব জোরে বাইক চালাচ্ছিলেন আকাশ। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ছিটকে পড়েন দু'জনে। রক্তে ভেসে যায় রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
রেশমি ও আকাশ, দু'জনকেই বাঘাযতীন স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রেশমিকে বাঁচানো যায়নি। এদিকে আকাশের অবস্থাও ভাল নয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পুলিশ মৃত ও আহত দুই জনের পরিবারের সঙ্গে যোগযোগ করেছে।