
শেষ আপডেট: 23 January 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গরুপাচার রুখতে গিয়ে উত্তপ্ত হল বনগাঁর ভারত-বাংলাদেশ সীমান্তে। পাচার রুখতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বিজিবি জওয়ান। এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুটিয়া বিওপি লাগোয়া সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানরা পাহারা দিচ্ছিলেন। গোপন সূত্রে তাঁরা আগেই গরুপাচারের খবর পেয়েছিলেন। তাই কড়া নজরদারি চালানো হচ্ছিল সীমান্তে। অভিযোগ, ওই সময়ে পাচারকারী সন্দেহে এক বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জওয়ানের উপর গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজিবি জওয়ানের।
সোমবার সকালে ভারতীয় সীমানার মধ্যে ওই বিজিবি জওয়ানের দেহ উদ্ধার করে বিএসএফ। বর্তমানে সেই দেহ রয়েছে ভারতের পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বনগাঁ শহরের জীবন রতন ধর মহকুমা হাসপাতালের মর্গে। গোটা ঘটনাটি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিএসএফ এবং বিজিবি। নিহত বিজিবি জওয়ানের নাম ও পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছে দুই পক্ষই।
বিএসএফ সূত্র জানা গেছে, বিজিবি ওই জওয়ান ইউনিফর্ম পরে ছিলেন না। সাধারণ পোশাকেই ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে এসেছিলেন তিনি।
বনগাঁ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিজিবির উচ্চপদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধি দল মৃতদেহটি ফিরিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন। গুলি চলার ঘটনা সম্পর্ক এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। বিএসএফের তরফ থেকে সরকারিভাবে কোনও কিছু জানানো হয়নি।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তাঁরা ওই নিহত বিজিবি জওয়ানের বিরুদ্ধে পাচারের অভিযোগ এনেছেন। এই ঘটনা দু-দেশের সম্পর্কে যাতে কোনও ছায়া না ফেলে সে বিষয়ে সচেতন রয়েছে দু-দেশের সীমান্তরক্ষী বাহিনী। সে কারণেই এই ঘটনা সম্পর্কে কোনও কিছু বলতে নারাজ উভয়পক্ষই।