
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 November 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে আবারও শ্লীলতাহানির ঘটনা। এবার অভিযোগ এল পূর্ব বর্ধমান থেকে। আর অভিযুক্ত একজন বহুরূপী শিল্পী! ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে বিদ্ধ ব্যক্তি।
পুজোয় মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি 'বহুরূপী'তে অভিনেতা শিবপ্রসাদকে এই শিল্পকে কাজে লাগিয়ে ডাকাতি করতে দেখা গেছিল। তবে পূর্ব বর্ধমানের ঘটনা কোনও সিনেমা নয়, বাস্তব। বহুরূপী সেজে গ্রামে গ্রামে ঘুরে টাকা রোজগার করাই পেশা ছিল লাল্টু মাল নামের ওই অভিযুক্তর। সেই কাজ করতে করতেই এক কিশোরীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পূর্ব বর্ধমানের আউশগ্রামে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামে যান লাল্টু। তখন একটি পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করছিলেন। অভিযোগ, একটি বাড়িতে গিয়ে বছর ১৬-র এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন তিনি। অশালীন আচরণও করেন। কিশোরী ভয় পেয়ে সরে যায়। এরপর সে পাড়ার লোকজনকে জানালে তাঁরা লাল্টুর খোঁজাখুঁজি শুরু করেন। কিছু পরেই পাকড়াও করা হয় তাঁকে। তারপর মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কিশোরীর পরিবারের পক্ষ থেকে পরবর্তী সময়ে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। জানা গেছে, ধৃত লাল্টু মালের বাড়ি বীরভূমের বোলপুরে।