
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চিকিৎসা পাবে শিশুটি
শেষ আপডেট: 17 January 2025 18:03
দ্য ওয়াল ব্যুরো: গত ২ জানুয়ারি ডায়মন্ড হারবারে বিনামূল্যে স্বাস্থ্যশিবির 'সেবাশ্রয়'-এর সূচনা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই শিবির থেকে প্রায় আড়াই লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ। তবে শুধু পরিষেবা দেওয়াই নয়, সঠিক সময়ে চিকিৎসা দিয়ে প্রাণও বাঁচানো সম্ভব হয়েছে এই শিবির থেকে। তার সাম্প্রতিক উদাহরণ ৯ বছর বয়সি আলতাফ হোসেন।
আলতাফকে নিয়ে তার বাবা সেবাশ্রয়ের একটি স্বাস্থ্য শিবিরে গিয়েছিলেন। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে ধরা পড়ে যে শিশুটির হার্টের সমস্যা রয়েছে। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা আলতাফকে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে শিশুটিকে নিয়ে যেতে বলেন আরও পর্যবেক্ষণের জন্য। সেই ক্যাম্পেই স্পষ্ট হয় যে, আলতাফের হৃৎপিণ্ডে একটি ফুটো রয়েছে।
এই রিপোর্ট দেখার পরই ক্যাম্প থেকে বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়। তিনি আলতাফের চিকিৎসার ব্যবস্থা করে দেন জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা (জেআইএমএস) হাসপাতালে। শনিবারই শিশুটির ১২ ঘণ্টার ওপেন-হার্ট সার্জারি হবে সম্পূর্ণ বিনামূল্যে।
কদিন আগেই বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরের তৎপরতায় প্রাণে বাঁচে ৭ বছরের একটি শিশুর। খেলতে খেলতে ওই শিশুর গলায় আটকে গিয়েছিল একটি কয়েন। সেবাশ্রয় ক্যাম্প থেকেই শিশুর গলা থেকে কয়েন বের করা সম্ভব হয়েছিল।
এই ক্যাম্পের আয়োজন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে, গোটা ভারতে এত বড় কর্মসূচি করার সাহস কেউ দেখাতে পারেনি। তাঁর বক্তব্য ছিল, ''এই যে প্রকল্প তা এতদিন ভারতের কোনও লোকসভা বা বিধানসভায় হয়নি। এখনও পর্যন্ত এমন কর্মযজ্ঞ কেউ করেনি। এটাই প্রথমবার।'' অভিষেক জানিয়েছেন, আগামী ৭৫ দিনে এইরকম আরও ৩০০টি ক্যাম্প আয়োজন করা হবে।