ফের বেপরোয়া গতি, নাগেরবাজারে বাসের চাকায় পিষ্ট পাঁচ বছরের শিশু, পুলিশকে ঘিরে বিক্ষোভ
দ্য ওয়াল ব্যুরো: স্কুল যাওয়ার পথে বাসের চাকায় পিষে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ।
নাগেরবাজারের কাজিপাড়ার কাছে
শেষ আপডেট: 18 February 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: স্কুল যাওয়ার পথে বাসের চাকায় পিষে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। তার মায়ের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পরই রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ।
নাগেরবাজারের কাজিপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৯টা নাগাদ। মৃত ছাত্রীর নাম অনুষ্কা কর। বাড়ি লেকটাউনের কালিন্দিতে। একটি ইংরাজি মাধ্যম স্কুলের নার্সারির ছাত্রী অনুষ্কা রোজকার মতোই মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল। ২২৩ নম্বর রুটে বাসে ছিল সে ও তার মা। প্রত্যক্ষদর্শীদের কথায়, কাজিপাড়ার কাছে বাস থেকে নামতে যাওয়ার সময়েই গতি বাড়িয়ে দেয় চালক। রাস্তায় পড়ে যায় অনুষ্কা। তার গায়ের উপর দিয়েই বাস চালিয়ে দেয় চালক। মেয়েকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন অনুষ্কার মা’ও। আইএলএস হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির মায়ের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। শুরু হয় পথ অবরোধ। স্থানীয়দের অভিযোগ, নাগেরবাজারের এই রাস্তা খানা-খন্দে ভর্তি। রাস্তার মোড়ে থাকে না কোনও ট্রাফিক পুলিশও। ফলে নিয়মের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে বাস ছোটান চালকরা। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয় না।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে প্রচার সত্ত্বেও শহরের বুকে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে দুর্ঘটনা। কখনও বেপরোয়া গতি, আবার কখনও দু’টি বাসের রেষারেষির বলি হতে হচ্ছে পথচারীদের। নাগেরবাজারেরই একটি স্কুলে মেয়েকে পড়াতে নিয়ে আসেন অভিজিৎ সরকার। তিনি বলেন, ‘‘এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তা ছাড়া বেআইনি পার্কিংয়ের জন্যও দুর্ঘটনা ঘটে হামেশাই।’’
পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে, তবে চালক কোনও খোঁজ মেলেনি।