
শেষ আপডেট: 27 December 2023 22:28
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছরের এক নাবালককে নগ্ন করে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বাধা দিতে গেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের মেয়েকেও মারধর করে অভিযুক্ত। মারের চোটে মাথা ফেটে যায় প্রধানের মেয়ে বুলুজা বিবির। ঘটনার জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার চতরা চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সাহারিয়া মল্লিককে (১০) প্রায় উত্তপ্ত করে প্রতিবেশী যুবক মোয়াজ্জেম মণ্ডল।
অভিযোগ, এদিন সাহারিয়া প্রতিবাদ জানালে অভিযুক্ত তাকে নগ্ন করে মারধর করে বলে অভিযোগ। কাকা হাবিবুল্লা মল্লিক প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক তাঁকেও মারধর করে। মাথা ফেটে যায় হাবিবুল্লার।
চোখের সামনে এমন ঘটনা দেখে প্রতিবাদ করতে এগিয়ে যান চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তণ প্রধান জামিরউদ্দিন মণ্ডলের মেয়ে বুলুজা বিবি। লোহার রড দিয়ে অভিযুক্ত বুলুজারও মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে।
আক্রান্ত প্রধানের মেয়ে, ওই নাবালক এবং তার কাকাকে উদ্ধার করে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। পরে বুলুজা বিবির শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। বাকি দু’জনের চিকিৎসা চলছে রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে।
কী কারণে এই হামলা? স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিবাদ থেকেই এমন গোলমাল। ঘটনার নেপথ্যে রাজনৈতিক-যোগও থাকতে পারে বলে স্থানীয়দের একাংশের বক্তব্। অভিযুক্ত মোয়াজ্জেম ও মজিদ মণ্ডলের বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ জায়ের করেছে আক্রান্তের পরিবার।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।