দ্য ওয়াল ব্যুরো: গুরুত্বপূর্ণ ব্রেন সার্জারি চলছিল ৯ বছরের ছোট্ট মেয়ের। আর সেই সময়টায় চিকিৎসকরা শুনলেন মধুর সিন্থেসাইজার। কে বাজাল জানেন! খোদ রোগী! মাথার খুলি খোলা। এদিকে হাত চলছে কীবোর্ডের রিডে!
মধ্যপঅরদেশের গোয়ালিয়রের একটি হাসপাতালে এমনটাই ঘটেছে বলে জানা গেছে। মাথায় অস্ত্রোপচার চলার সময়ে সিন্থেসাইজার বাজাল ৯ বছরের মেয়ে।
হাসপাতাল সূত্রের খবর, সৌম্যা নামের ৯ বছরের মেয়েটির মাথায় টিউমার ধরা পড়ে কয়েক দিন আগে। অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে ঝুঁকি ছিল বিপুল। সে কথা পরিবারকে জানিয়েওছিলেন চিকিৎসকরা। সৌম্যার মস্তিষ্কের স্নায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
তবে অস্ত্রোপচার ছাড়া উপায়ও ছিল না। বাধ্য হয়ে সম্মতি দেয় পরিবার। চিকিৎসকরা ঠিক করেন, সৌম্যার মাথার খুলি কেটে মস্তিষ্কের চিকিৎসা হবে, লোকাল অ্যানাস্থেশিয়া করে। তার মস্তিষ্কের একটি অংশ সজাগ থাকবে। চিকিৎসা পরিভাষায় এই অস্ত্রোপচারের নাম ‘অ্যাওয়েক ক্র্যানিয়োটমি’।
সেই মতোই শুরু হয় অস্ত্রোপচার। ২ ঘণ্টা ধরে কার্যত এক অসাধ্য সাধন করেন চিকিৎসকরা। তাঁরা জানান, অস্ত্রোপচারের সময় সৌম্যা সিন্থেসাইজার বাজিয়েছে। অন্য কোনও প্রতিক্রিয়া ছিল না তার। সফল হয় অস্ত্রোপচার।
কয়েক দিন পর্যবেক্ষণে রাখার পরে গতকাল, শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। এই ঘটনায় বিস্মিত এবং মুগ্ধ সকলে।