
শেষ আপডেট: 7 December 2023 20:14
দ্য ওয়াল ব্যুরো: একদিনে ৯ সদ্যোজাতের মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে। এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি রয়েছে ১০০-র বেশি শিশু। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য সদ্যোজাতদের অভিভাবকরা।
ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে হাসপাতালের সুপার ডাঃ অমিত কুমার দাঁ বলেন, “গত ২৪ ঘন্টায় ৯ জন সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। বেশিরভাগ জন্মগত ত্রুটি এবং ওজন কম থাকার কারণে মৃত্যু হয়েছে।” সুপার জানান, ৩০০ গ্রাম ও ৫০০ গ্রাম ওজনের দুটি সদ্যোজাত ছিল। একজন শিশুর জন্মগত ত্রুটি ছিল হার্টের।
সূত্রের খবর, একদিনে ৫ জনের বেশি শিশুর মৃত্যুর ঘটনা ঘটলে সেটিকে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়। এক্ষেত্রে ৫জনের বেশি শিশুর মৃত্যুর ঘটনায় জেলা স্বাস্থ্য দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে।
জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৯ সদ্যোজাতের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এসএনসিইউ বিভাগে।
পরিজনদের অভিযোগ, এক বেডে ন্যূনতম ৩শিশু ভর্তি রাখা হয়েছে। ওয়ার্ডে মোট ৫২টি শিশুকে ভর্তি করার জায়গা থাকলেও এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছে ১০০-রও বেশি শিশু। ফলে একেকটি বেডে গাদাগাদি করে শিশুদের রাখার কারণে একজনের দেহের সংক্রমণ অন্যের শরীরে ছড়িয়ে পড়ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রোগীর পরিজনেরা। যদিও এ ব্যাপারের সুপারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘ এক মাস ধরে সংস্কারের কাজ চলছে। ফলে সেখানকার শিশুদের ভর্তি করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেলে। এছাড়াও ডোমকল বা লালবাগ মহকুমা হাসপাতালে নেই ভেন্টিলেটর। ফলে সেখানকার সদ্যোজাতদেরও আনা হচ্ছে মুর্শিদাবাদে। সব মিলিয়ে জেলার মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চাপ থাকেই। তাই পরিকাঠামোর আরও মানোন্নয়ন ও উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন রোগীর পরিজনেরা।