
সাঁতার শিখতে এসে মর্মান্তিক মৃত্য়ু শিশুর
শেষ আপডেট: 19 June 2024 13:17
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: সুইমিংপুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ব্যারাকপুর নোনা চন্দনপুকুরে।
নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে মায়ের সঙ্গে সাঁতার শিখতে এসেছিল আট বছরের প্রতীক বিশ্বাস। সাঁতার কাটতে কাটতেই জলে তলিয়ে যায় সে। অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও জল থেকে ওঠেনি প্রতীক। তারপরেও বিষয়টি ট্রেনারের নজরে আসেনি। সাঁতারের সময় শেষ হয়ে যাওয়ার পরেও কেন ছেলে জল থেকে উঠছে না, উদ্বিগ্ন হয়ে পড়েন মা। তাঁকে জানানো হয় প্রতীক আগেই জল থেকে উঠে গেছে।
ছেলেকে খুঁজে না পেয়ে অন্য অভিভাবকদের জানান প্রতীকের মা। তারপরেই শুরু হয় খোঁজ। পরে পুলের জল থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় প্রতীককে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। একবার বমি করার পরেই মৃত্যু হয় আট বছরের ছোট্ট শিশুটির।
প্রতীকের মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ব্যারাকপুরের নোনা চন্দনপুকুরে। দলে দলে অভিভাবকরা এসে ক্লাবে চড়াও হন। ততক্ষণে গেট আটকে দেওয়া হয়েছে ক্লাবের। ট্রেনারের শাস্তির দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ। খবর পেয়ে টিটাগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাসও তদন্তের আশ্বাস দেন।
ক্লাবের সভাপতি দাবি করেন, বাচ্চাটির সাঁতারের সময় শেষ হওয়ার পর জল থেকে উঠে পড়েছিল। মাকে খুঁজে না পেয়ে আবার জলে নেমে পড়ে। তারপরেই ঘটে এই বিপত্তি। তিনি বলেন,"প্রায় ২৫ বছর ধরে এই ক্লাবে সাঁতার শেখানো হচ্ছে। কোনওদিন এমন দুর্ঘটনা ঘটেনি। অভিভাবকের কোনওরকম অভিযোগ রয়েছে কিনা তা নিয়ে সবসময় আমরা সতর্ক থাকি। এমন দুর্ভাগ্যজনক ঘটনা হবে ভাবতেও পারিনি।"শিশুটির পরিবারের অভিযোগ, ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলে বারবার জানানোর পরেও কানে তোলেননি ট্রেনার। একটু আগেও যদি খোঁজ পড়ত, এভাবে চলে যেতে হত না তাঁদের ছেলেকে।