দ্য ওয়াল ব্যুরো: ৭০ বছর ধরে কিচ্ছুটি খাননি তিনি। একফোঁটা জল পর্যন্ত না। তাতেও ৮৮ বছর বয়সে রীতিমতো সুস্থ আছেন যোগী। শুধু হাওয়া খেয়েই নাকি এতগুলো বছর কাটিয়েছেন তিনি।
তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছে বিজ্ঞানীদের মধ্যে। বিদেশ থেকে অনেকে তাঁকে দেখতে এসেছেন। তাঁর এইভাবে বেঁচে থাকার রহস্য কী সেই নিয়ে গবেষণা হচ্ছে রীতিমতো। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম পর্যন্ত একবার গবেষণা করেছিলেন।
তাঁর নাম প্রহ্লাদ জানি। ভক্তরা তাঁকে বলেন মাতাজি। গুজরাতের মেহসানা জেলায় শারোদ গ্রামে বাস করেন। দেবী অম্বার ভক্ত।
২০১০ সালে ডিআরডিও থেকে ১৫ দিন তাঁকে কঠোর পর্যবেক্ষণে রেখেছিল। পরে তাঁর আলট্রাসাউন্ড, এক্স রে এবং এমআরআই করা হয়। এমনকী তাঁর আশ্রমে যে সব গাছপালা আছে, তাও পরীক্ষা করা হয়। কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায়নি তাঁর না খেয়ে বেঁচে থাকার রহস্য কী।
তিনি নিজে বলেছেন, আমি দেবী অম্বার কাছে প্রার্থনা করি। তিনিই আমাকে শক্তি দেন।
দূরদূরান্ত থেকে ভক্তরা তাঁর আশীর্বাদ নিতে আসেন। একবার এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।