
শেষ আপডেট: 31 August 2023 07:35
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে (Johannesburg)। সূত্রের খবর, পাঁচ তলা একটি বিল্ডিংয়ে আগুন (Fire) লেগে ৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৩ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জোহানেসবার্গের আপৎকালীন সার্ভিসের মুখপাত্র রবার্ট মালুদজি জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়েছে গোটা বহুতলে। ভেতরে অনেকে আটকে পড়েছেন। ৬৩ জনের ঝলসানো দেহ বের করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অন্তত ৪৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন এখনও সবটা নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।
আরও পড়ুন: ক্যানসারের ওষুধ আনছে ব্রিটেন! সাত মিনিটে গপাগপ টিউমার কোষ গিলতে শুরু করবে ইঞ্জেকশন
কীভাবে আগুন লাগল তা জানা যায়নি এখনও। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বহুতলটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিমেষের মধ্যে আগুন ধরে যায় গোটা বিল্ডিংয়ে। বহুতলটির সবকটি তলাই আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে খবর।