
শেষ আপডেট: 9 February 2023 15:42
দ্য ওয়াল ব্যুরো: ঘটনাস্থল ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক (Turkey)। ছড়িয়ে ছিটিয়ে বিপর্যয় মোকাবিলার কর্মীরা। খুঁজছেন কেউ আটকে আছে নাকি ধ্বংসস্তূপের নীচে। ঠিক এমন সময়েই কানে এল একটা গোঙানির শব্দ। তারপর চাঙরের নীচ থেকে উদ্ধার করা হল একটি ছ’বছরের মেয়েকে। উদ্ধার করল তুরস্কের উদ্ধার কাজে যোগ দিতে যাওয়া ভারতের বিপর্যয় মোকাবিলা টিম।
তুরস্কের ভয়াল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে গাজিয়ান্তেপ ও উরফা প্রদেশ। ভারত থেকে যাওয়া ১০১ জনের টিমকদে দু’টি ভাগে ভাগ করে এই দুই প্রদেশে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাতের টুইটার হ্যান্ডেল থেকে ছ’বছরের মেয়েটিকে উদ্ধারের ভিডিও টুইট করা হয়েছে। দেখা যাচ্ছে কম্বলে জড়ানো অবস্থায় স্ট্রেচারে তুলছেন বিপর্যয় মোকাবিলার কর্মীরা। তাঁদের হলুদ হেলমেটে লেখা ‘ইন্ডিয়া।’
প্রথমে ৫০ জনের টিম পাঠিয়েছিল দিল্লি। বুধবার আরও ৫১ জন যোগ দেন তুরস্কের উদ্ধারকাজে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ছ’বছরের মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা করছেন ডাক্তাররা। প্রাথমিক অনুমান, দু’টি চাঙরের ফাঁকে আটকে যাওয়ার কারণেই বেঁচে ছিল মেয়েটি। তবে তার পরিবারের বাকিরা কোথায়, সেরে ওঠার পর সে আদৌ আর কাউকে দেখতে পাবে কি না তার নিশ্চয়তা নেই।