শিশুরোগ বিশেষজ্ঞ অভিজিৎ রায় বলেন, "বিলিয়ারি অ্যাস্ট্রেসিয়া একটি জন্মগত অসুখ। কী কারণে হয় বলা মুশকিল।তবে এই অসুখ ওষুধ দিয়ে সারে না। লিভার প্রতিস্থাপন করতে হয়।

অসুস্থ শিশুকে নিয়ে মা
শেষ আপডেট: 9 June 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লিভারের অসুখ বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত হুগলির ছয় মাসের শিশু। লিভার প্রতিস্থাপন (Liver Transplant) করতে লাগবে ২৫ লাখ টাকা। বাবা দীপক দাস পরিযায়ী শ্রমিক। কীভাবে জোগাড় করবেন এই বিপুল অঙ্কের টাকা? তাই দুশ্চিন্তায় ঘুম গিয়েছে গোটা পরিবারের।
চণ্ডীতলার নবাবপুরের বাসিন্দা দীপক ও জ্যোৎস্না দাসের ছেলে প্রিয়মের লিভার প্রতিস্থাপন (Hooghly Priyam Liver Transplant) করতে হবে জানিয়েছেন চেন্নাই এর হাসপাতালের চিকিৎসকরা। দীপক তার লিভারের কিছুটা অংশ ছেলের জন্য দেবেন। পরীক্ষানিরীক্ষা হয়েছে। কিন্তু টাকার জন্য লিভার প্রতিস্থাপন করা যায়নি।
শিশুর মা জ্যোৎস্না দাস জানান, যত দিন যাচ্ছে প্রিয়মের শরীর খারাপ হচ্ছে। ওজন বাড়ছে না। পেট ফুলে আছে। সব সময় কান্নাকাটি করেই চলেছে। তিনি বলেন, " বিয়ের ছয় বছর পর ছেলের জন্ম হয়েছিল। জন্মের পর থেকে ওর অসুস্থতা ধরা পরে। ডাক্তার দেখিয়ে পরীক্ষার পর ধরা পরে লিভারের অসুখ। চেন্নাই এ গিয়েও টাকার অভাবে অস্ত্রোপচার করতে পারিনি। সবাই যদি সাহায্য করে তাহলে হয়ত ছেলেটাকে বাঁচাতে পারব।"(baby need liver transplant)
দীপক বলেন, "অনেকের কাছে আবেদন করেছি। কিন্তু এখনও পর্যন্ত কারও সাড়া পাইনি। কেউ এগিয়ে না এলে আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না।"
শিশু রোগ বিশেষজ্ঞ অভিজিৎ রায় বলেন, "বিলিয়ারি অ্যাস্ট্রেসিয়া একটি জন্মগত অসুখ। কী কারণে হয় বলা মুশকিল।তবে এই অসুখ ওষুধ দিয়ে সারে না। লিভার প্রতিস্থাপন করতে হয়। যা ব্যয়বহুল।সরকারি হাসপাতালে হলে তবু কম খরচে করা যায়। কিন্তু বেসরকারি হাসপাতালে হলে এর বিপুল খরচ।"
এই পরিস্থিতিতে সন্তানকে সত্যিই বাঁচানো যাবে কিনা, জানা নেই তার বাবা-মার। সহৃদয় মানুষদের সাহায্যের অপেক্ষায় রয়েছে পরিবারটি।