
শেষ আপডেট: 31 July 2018 10:47
দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের পিলভিতে মাটি খুঁড়ে ফোর জি কেবল লাইন বসানোর কাজ চলছিল গত ১৫ দিন ধরে। সোমবার রাতে সেখানে মাটি চাপা পড়লেন আট শ্রমিক। দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও মারা গিয়েছেন ছ'জন।
মৃতেরা হলেন নাজিমুল হক, নাজিম আলি, হাসেন আলি, নাজিমুদ্দিন আহমেদ, কেসর আলি ও মহিরুল হক। তাঁদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বারিওল ঘাট, পাজল এবং রায়গঞ্জ থানার ট্যাগরা,ইএনগেলিয়া গ্রামে।
যে দু'জনকে উদ্ধার করা গিয়েছে তাঁরাও গুরুতর আহত অবস্থায় ভর্তি আছেন বেরিলির এক হাসপাতালে। মৃতদের দেহগুলি দ্রুত ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে খবর, হতাহতরা মোহালির এক বেসরকারি সংস্থার কর্মী। ওই সংস্থা উত্তরপ্রদেশের পিলভিতে মাটি খুঁড়ে কেবল লাইন পাতছে। সেই কাজ চলছে গত এক মাস ধরে , সোমবারও প্রায় সাড়ে তিন মিটার গভীর গর্ত খোঁড়া হয়। রাতে গর্তে পড়ে যায় একটি কেবল তার। সেটা ওঠানোর জন্য এক শ্রমিক গর্তে নামেন। এমন সময় কাদামাটির ধস নামতে থাকে। ওই শ্রমিক ভয়ে চেঁচিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে নামেন আরও সাতজন। তাঁরা লাফ দিয়ে নামার ফলে আরও ধস নামে। আটজনই চাপা পড়ে যান।
জেসিবি মেশিন নিয়ে এসে প্রায় তিন ঘন্টা ধরে উদ্ধারের কাজ চালানোর পরে ছজনের মৃতদেহ উদ্ধার হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় দু'জনকে ।