দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরপ্রদেশে । ফুঁসছে বহু নদী । প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে মারা গিয়েছেন কমপক্ষে ৫৮ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণের কাজ চালাতে । কিন্তু এখনও বৃষ্টির বিরাম নেই । আগামী দিনে কোনও কোনও অঞ্চলে অবস্থা আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে ।
বৃষ্টিতে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন সাহারানপুরে । রিলিফ কমিশনের অফিস থেকে জানানো হয়েছে, সেখানে মৃত ১১ জন । মিরাটে তিন জন ও বেরিলিতে দু’জন মারা গিয়েছেন। আগ্রায় ছ’জন, মইনপুরিতে চারজন, কাসগঞ্জে তিন জন মারা গিয়েছেন। এছাড়া বাগপত, বুলন্দশহর, কানপুর দেহাত, মথুরা, গাজিয়াবাদ, হাপুর, রায় বেরিলি, জালাউন, প্রতাপগড়, বান্দা, ফিরোজাবাদ, আমেথি, কানপুর ও মুজফফরনগর থেকেও মৃত্যুর খবর এসেছে ।
রাজধানী লখনউয়ে শনিবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু টানা বর্ষণে শহরের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে । পুরো শহরই জলমগ্ন । মাঝে মাঝে উঁচু জায়গাগুলি জেগে আছে দ্বীপের মতো । হরিহরনগর, ইন্দ্রনগর, গোমতিনগর, সপ্রু মার্গ, আলিগঞ্জ ও আরও কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ।
https://twitter.com/myogiadityanath/status/1023072049063854080