
পার্থ চট্টোপাধ্যায়।
শেষ আপডেট: 20 December 2024 18:09
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় আগামী সোমবার থেকে চার্জগঠন প্রক্রিয়া শুরু হতে চলেছে আদালত।
আদালত সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে জামিনে মুক্ত রয়েছেন কয়েকজন। তাঁদের প্রত্যেককেই সোমবার থেকে আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত।
গত মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে যাবতীয় নথি জমা দিয়েছিল সিবিআই। আদালত সূত্রের খবর, কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং তাতে কীভাবে পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, অশোক সাহা,কল্যাণময় গঙ্গোপাধ্যায়রা জড়িত, ওই দিন আদালতে তাও বিস্তারিত জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ওই মামলাতেই আগামী সোমবার থেকে শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। আদালত সূত্রে জানা গিয়েছে, নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৫৪ জনের নামে অভিযোগ রয়েছে।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জামিন পাননি। এবার শুরু হবে চার্জ গঠনের প্রক্রিয়া। ফলে শীঘ্রই নিয়োগ মামলার চূড়ান্ত রায় বেরোতে পারে বলেও মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মঙ্গলবারের শুনানিতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে দাবি করেছিলেন, "এরা প্রত্যেকেই নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান অভিযুক্ত। নিজেদের ক্ষমতায় দুর্নীতি করেছে। এদের জামিন দিলে প্রমাণ লোপাট করতে পারে। সাক্ষীদের ভয় দেখাতে পারে। তদন্ত করা তখন মুস্কিল হবে।"
সিবিআইয়ের তরফে আদালতে এও বলা হয়, ওএমআর সিট টেম্পার করে ওই লিস্ট তৈরি হয়েছে। এমনকী মেধা তালিকার সময়সীমা অতিক্রান্ত হবার পরও নিয়োগ হয়েছে। শিক্ষামন্ত্রীর মদতেই ওই তালিকা তৈরি করা হয় বলেও দাবি সিবিআইয়ের।