
শেষ আপডেট: 8 February 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা করা হল। 'সমুদ্রসাথী' বলে এই প্রকল্পে প্রতি বছর দুমাস ৫,০০০ টাকা করে মৎসজীবীদের সহায়তা করবে সরকার। এর ফলে ২ লক্ষ মৎসজীবী উপকৃত হবে বলে জানান হয়েছে। এই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান হয়।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মৎসজীবীরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে সমুদ্র যান। এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি, এই সময়টায় সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় মূলত এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে।
মাছ ধরা বন্ধ থাকার দু-মাস ভাতা পাবেন মৎস্যজীবীরা #statebudget2024 #MamataBanerjee #tmc #WestBengal #fisherman pic.twitter.com/j0KwWYz5zL
— The Wall (@TheWallTweets) February 8, 2024
বাজেটে ঘোষণা করা হয়েছে, সমুদ্রসাথী প্রকল্পে এই তিন জেলার প্রতিটি নথিভুক্ত মৎসজীবী প্রতিবছর, এই দুমাস, প্রতি মাসে ৫,০০০ টাকা করে পাবেন।
একইসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। ৫০০ টাকা থেকে বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা করা হয়েছে ১ হাজার টাকা। এবং যাঁরা এতদিন ১ হাজার টাকা ভাতা পেতেন, তাঁরা এবার থেকে ১,২০০ টাকা ভাতা পাবেন। এই মুহূর্তে রাজ্যের প্রায় ২ কোটি ১১ লক্ষ মহিলা এই প্রকল্পে ভাতা পেয়ে থাকেন।