
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 March 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া স্টেশনে এবার আরও বজ্রআঁটুনি!
নিরাপত্তার ফাঁকফোকর ঢাকতে বসছে আরও ৫০০ ক্যামেরা! এছাড়াও এবার থেকে দিনের পাশাপশি গভীর রাতেও প্ল্যাটফর্মে টহল দেবেন সাদা পোশাকের মহিলা পুলিশকর্মীরা।
কেন? হঠাৎ নিরাপত্তার কড়াকড়ি?
রেল পুলিশ সূত্রের খবর, গত ৫ মার্চ দক্ষিণ পূর্ব রেলওয়ের অন্যতম ব্যস্ত এই স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে এক শিশুকন্যাকে অপহরণ করে দুষ্কৃতীরা। শিশুটিকে পাচার করা হয়েছিল রাজস্থানে। পরে জিআরপির তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফেরানো হয়েছিল।
রেল পুলিশের এক কর্তার কথায়, "অপহৃত শিশুটিকে আমরা উদ্ধার করেছি ঠিকই, কিন্তু ওই ঘটনা হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্টেশনে নিরাপত্তা ঢেলে সাজানো উদ্যোগ নেওয়া হয়েছে।"
কী রকম সেই উদ্যোগ?
হাওড়া জিআরপি সূত্রের খবর, নিউ এবং ওল্ড কমপ্লেক্স মিলিয়ে সাকুল্যে ২৫০টি সি সি ক্যামেরা রয়েছে। শিশুকন্যা অপহরণের তদন্তে নেমে রেল পুলিশের কর্তারা দেখেন, স্টেশনে এমন অনেক জায়গা রয়েছে যেখানে সিসিটিভি নজরদারি নেই। এরপরই স্টেশনের কোথায় কোথায় নজরদারি নেই সেই এলাকাগুলি চিহ্নিতকরণের কাজ শুরু হয়।
রেল পুলিশের ভাষায়, এগুলিকে বলা হয় ‘গ্রে এরিয়া’। চিহ্নিত করা এরকম ৫০০টি জায়গায় নতুন করে বসানো হচ্ছে সিসি ক্যামেরা।
জিআরপির এক পদস্থ কর্তা জানান, "শুধু সিসি ক্যামেরা বসানোই নয়, ২৪ ঘন্টা এগুলি নজরদারিও করা হবে। ফলে এখন থেকে অপরাধ করে সহজে কেউ পালিয়ে যেতে পারবে না। বিশেষ করে পিছনের ওল্ড এবং নিউ কমপ্লেক্সের এন্ট্রি ও এগজিট পয়েন্ট পারতি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।" উদ্দেশ্য যেকোনও ধরনের অপরাধ রুখে দেওয়া।