দ্য ওয়াল ব্যুরো : পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর থেকে যাঁরা দামি গয়না কিনেছিলেন তাঁদের সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করেছে আয়কর দফতর। তাঁরা আয়করের যে রিটার্ন জমা দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায়, ঘোষিত আয়ের সঙ্গে গয়না কেনার জন্য যে বিপুল অর্থ তাঁরা ব্যয় করেছেন তার সঙ্গতি নেই, তা হলে শুরু হবে তদন্ত।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৩ হাজার ৪০০ কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন নীরব মোদী ও তাঁর কাকা মেহুল চোকসি। ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের আর্থিক বছরে যাঁরা নীরব মোদীর থেকে গয়না কিনেছিলেন, তাঁদের সম্পর্কে খোঁজ নিচ্ছে আয়কর দফতর। আয়কর দফতরের মুম্বই শাখা এমন ৫৫ জন ধনী ব্যক্তির তালিকা তৈরি করেছে। তাঁদের ভাগ করা হয়েছে তিনটি শ্রেণিতে। যাঁরা পাঁচ কোটি টাকার বেশি দামের গয়না কিনেছেন তাঁরা আছেন প্রথম শ্রেণিতে। এক থেকে পাঁচ কোটি টাকার মধ্যে যাঁরা গয়না কিনেছেন, তাঁরা দ্বিতীয় শ্রেণিতে। এক কোটি টাকা কম মূল্যের গয়না যাঁরা কিনেছেন, তাঁরা তৃতীয় শ্রেণিতে।
আয়কর দফতর শীঘ্রই তাঁদের বাড়িতে নোটিশ পাঠাবে, আপনি এত দামি গয়না কেনার টাকা কোথায় পেলেন আমাদের জানান।