.webp)
ভাঙড়ের ঘটনাস্থলে পুলিশের কর্তারা।
শেষ আপডেট: 4 June 2024 07:41
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনের দিনও বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়। মঙ্গলবার গণনার আগেও ফের উত্তেজনা কলকাতা পুলিশের অধীন এই তল্লাটে।
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ভাঙড় দু’নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন গুরুতর জখম হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আইএসএফের স্থানীয় পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন। গুরুতর আহত পাঁচজনকেই ভর্তি করা হয়েছে কলকাতার পিজি হাসপাতালে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁচন পুলিশের শীর্ষ কর্তারা। মঙ্গলবার সকালেও ঘটনাস্থলের আশেপাশের বোমার সরঞ্জাম ছড়িয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে। গণনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এলাকায় বোমা মজুত হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে ঘটনার সূত্রপাত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অশান্তি পাকানোর জন্যই এলাকায় বোমাগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। প্রসঙ্গত, গত ১ জুন শেশ দফায় ভোটের দিনও দফায় দফায় উত্তপ্ত ছিল ভাঙড়। ভোটের দিনও বোমা মারার অভিযোগ উঠেছিল। জখম হয়েছিল বেশ কয়েকজন।