
শেষ আপডেট: 16 January 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে প্রকাশিত হয়েছিল তাঁর বই কথাঞ্জলি। তাঁর মন ও মুখের কথাই তাঁর প্রায় সব বইয়ের প্রতিপাদ্য। এমনিতে কাজের চাপে সব সময়ে লিখতে বসা হয় না। তাঁর কথায়, “কখনও কখনও খুব ক্যাজুয়ালি লিখে ফেলি। কখনও কখনও বইয়ের ভূমিকা ফোনেই ডিক্টেশন দিয়ে দিই।”
এ বছরের বই মেলা আসন্ন। ১৮ জানুয়ারি ঘণ্টা বাজিয়ে মুখ্যমন্ত্রীরই উদ্বোধন করার কথা। তার আগে কৌতূহল হতেই পারে যে, কথায় কথায় তাঁর এত বই যে লেখা হয়ে যায়, তাহলে কী কথা থাকল বাকি? অর্থাৎ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আর কী কী বই প্রকাশ হতে চলেছে বইমেলায়?
২০২৩ সালের বইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬টি বই প্রকাশিত হয়েছিল। সেবার ওই ৬টি বই মিলিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা দাঁড়ায় ১৩৩।
এবার বইমেলায় মমতার লেখা আরও ৫টি বই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। সেই সব বইয়ের মধ্যে একটির বিষয় বাংলার ঐতিহ্য। বাংলার উপাচার নিয়েও একটি বই লিখেছেন মুখ্যমন্ত্রী। বিখ্যাত ব্যক্তিদের নিয়ে লিখেছেন একটি বই। তা ছাড়া প্রকাশিত হবে আরও দুটি নতুন বই। গতবার তাঁর লেখা বইগুলির মধ্যে অন্যতম ছিল, লহ প্রণাম, স্যালুট, আমাদের দুর্গোৎসব ও আমাদের আওয়াজ।
মমতা বন্দ্যোপাধ্যায় যে বই লেখায় শতক পার করবেন তা উনিশ সালের বইমেলার উদ্বোধনে জানিয়েছিলেন। দেখা যাচ্ছে, এবার বইমেলায় তাঁর ৫টি বই প্রকাশিত হলে সংখ্যাটা পৌঁছে যাবে ১৩৮-এ। অর্থাৎ দেড় শতকের দোরগোড়ায় পৌঁছে যাবেন তিনি।
অতীতে দেখা গিয়েছে অনেক সাহিত্যিক রাজনীতিতে এসেছেন। আবার রাজনীতিতে এলেও অনেকে নিয়মিত সাহিত্য চর্চা করেন। কিন্তু কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর এত বই লিখে ফেলার নজির বিরল।
অটলবিহারী বাজপেয়ী কবি ছিলেন। তাঁর বেশ কিছু কবিতার বই রয়েছে। তাঁর সেই কবিসত্তা নিয়েই পঙ্কজ ত্রিপাঠির নতুন ছবি আসছে—‘ম্যায় অটল হুঁ’। ইদানীং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কবিতা লেখা শুরু করেছেন। তবে সংখ্যার ভারে অনন্য হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।