
শেষ আপডেট: 15 September 2023 15:02
দ্য ওয়াল ব্যুরো: চিজ, (cheese) দুধ থেকে তৈরি এই উপকরণ মাত্র কিছু বছর আগেও বাঙালির ঘরে ঘরে এতটা জনপ্রিয় ছিল না। তবে পিৎজার স্বাদ যবে থেকে আস্বাদন করলেন সকলে, তখন থেকেই বোঝা গেল চিজের গুরুত্ব। ইদানীং কালে ফুড ব্লগিং অত্যন্ত জনপ্রিয় এক পেশা। আর ফুড ব্লগারদের কাছে জনপ্রিয় হওয়ার জন্য ইদানীং কালে যে কোনও খাবারে চিজ দিয়ে স্বাদ বাড়িয়ে নেওয়ার সহজ উপায় অনেকেই রপ্ত করে ফেলেছেন। এমনকী বাড়ির খাবারেও স্বাদ বাড়াতে ইদানীং অনেকেই ওপর থেকে গ্রেট করে ছড়িয়ে দেন চিজ।
তবে চিজ খেতে বা রান্নায় দিতে ভালবাসলেও চিজের বিষয়ে অনেক কিছুই জানা নেই সাধারণ মানুষের। সাধারণত মোজারেলা চিজের নামই অপেক্ষাকৃত জনপ্রিয়। তবে মোজারেলা ছাড়াও আরও বহু ধরনের চিজ পাওয়া যায় বাজারে।
চেড্ডার
অন্যান্য চিজের তুলনায় শক্ত এই চিজ মূলত গরুর দুধ থেকে পাস্তুরাইজ পদ্ধতিতে তৈরি হয়। আগে এই চিজ শুধুমাত্র ইংল্যান্ডে উৎপাদন হত। তবে এখন সারা পৃথিবীতে এই চিজ পাওয়া যায়। এই চিজকে কিউব আকারে কাটলে উপরিভাগ একেবারে নরম আর সমতল থাকে। হালকা হলুদ বা কমলা রঙে মেলে এই চিজ।
এমেনতাল
সুইজারল্যান্ডে প্রথম তৈরি হয়েছিল এমেনতাল চিজ। গরুর কাঁচা দুধ থেকে তৈরি হয় এই চিজ। এই চিজ বেশ শক্ত প্রকৃতির হয়। মিষ্টি ফলের মতো স্বাদের জন্য ওয়াইন এবং ফলের সঙ্গেও এই চিজ খাওয়া যায়। অন্যান্য প্রকারের চিজের তুলনায় এই চিজ বানানো বেশ কঠিন।
গৌড়া
আপনি যদি কখনও নেদারল্যান্ডে যান তবে সেখানে 'হাওড়া' শব্দটি শুনতেই পারেন। না, বাংলার হাওড়ার মতো সেখানে কোনও হাওড়া নামে জায়গা নেই। একেবারে খাঁটি ওলন্দাজ চিজ 'গৌড়া'কেই স্থানীয় উচ্চারণে বলা হয় হাওড়া। সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় এই গৌড়া চিজ। মূলত গরুর দুধ থেকে তৈরি হলেও কিছু ক্ষেত্রে ছাগলের দুধ থেকেও তৈরি হয় 'গৌড়া'। বিদেশিরা ওয়াইন এবং বিয়ারের সঙ্গেই এই চিজ খেতে পছন্দ করেন।
ফেটা
গ্রীসে তৈরি একমাত্র এবং অন্যতম সুস্বাদু চিজের নাম ফেটা। মূলত বেকারিতেই এই চিজ ব্যবহার করা হয়। সামান্য নোনতা স্বাদের এই চিজের স্বাদ বদল হয় জলে ডুবিয়ে রাখলে। অলিভ অয়েল বা বাদামের সঙ্গে এই চিজ খেলে তার স্বাদই আলাদা।
ব্রাই
মদ হোক অথবা চিজ, স্বাদ বা গুণের বিচারে ফরাসীদের টেক্কা দেওয়া কঠিন। চিজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ফরাসী চিজ ব্রাই খেতে এতটাই সুস্বাদু যে একে চিজের রাণী বলা হয়ে থাকে। মূলত মিষ্টি বা ডেজার্ট তৈরি করতেই ব্যবহার করা হয় ফরাসী ব্রাই চিজ।
বাড়িতে রেস্তোরাঁর মত গ্রেভি তৈরি করতে চান, ব্যবহার করুন এই ৫ উপাদান