দ্য ওয়াল ব্যুরো: ফের অজ্ঞাতপরিচয় আততায়ীর ছুরি হামলার শিকার একাধিক সাধারণ মানুষ! এবার ঘটনাস্থন জার্মানি। ফ্রান্স ও অস্ট্রিয়ার পরে আতঙ্ক ছড়াল সেখানেও। তবে আগের আক্রমণগুলোর সঙ্গে এই ঘটনা সংযুক্ত কিনা, তার কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার জার্মানির ওবারহাউসেন শহরের একটি ব্যস্ত এলাকায় আচমকা ছুরি নিয়ে হামলা চালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ভিড়ের মধ্যে যাকে-তাকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে সে। অন্তত পাঁচ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তাঁরা। এক জনের অবস্থা মারাত্মক আশঙ্কাজনক।
ছুরির কোপে আহত হয়েছে আততায়ী নিজেও, তাকেও গুরুতর জখম অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে হামলা চালানোর কারণ জানার চেষ্টা চলছে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে এমন কাণ্ড ঘটিয়েছে ওই ব্যক্তি। তবে সন্ত্রাসী কার্যকলাপের সন্দেহও উড়িয়ে দেওয়া হচ্ছে না এখনই।