শেষ আপডেট: 20 October 2023 14:12
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দেবীপক্ষ শুরু হতেই সোনারপুরে জুয়েলারির দোকানের কিনারা করে ফেলল পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের মধ্যে একজন আবার সোনার ব্যবসায়ী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। তাছাড়াও ৪০ ভরি সোনার গয়না সমেত ডাকাতিতে ব্যবহার করা দুটি বাইকও পুলিশ বাজেয়াপ্ত করেছে। মাত্র ছয়দিনের মধ্যেই এত বড় সাফল্যে পেল সোনারপুর থানার পুলিশ।
শুক্রবার সন্ধেয় সোনারপুরের বারেন্দ্রপাড়ায় একটি জুয়েলারির দোকানে ঢুকে ডাকাতরা হামলা চালায়। দোকান মালিকের মাথায় রিভলবার ঠেকিয়ে দোকান লুঠপাট করে। এরপরে তাঁকে ব্যাপক মারধর করার পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ডাকাত দল। পালানোর সময় গুলিও চালায় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। পুজোর মুখে তাঁদের ব্যবসার নিরাপত্তা নিয়ে প্রশাসনের কাছে প্রশ্ন তোলেন। এমনকী অপরাধীরা ধরা না পড়ায় বিক্ষোভও দেখান।
মানুষের ক্ষোভ আন্দাজ করতে পেরে বারুইপুর পুলিশ কমিশনরেটের পুলিশ আরও তৎপর হয়ে ওঠে। ডাকাতির কিনারা করতে বিশেষ তদন্তকারীদের টিম গঠন করে। এত বড় সাফল্য পাওয়ার পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, ঘটনার পর থেকে জেলা জুড়ে পুলিশের সমস্ত বিভাগ তৎপর ছিল। সমস্ত থানার ওসি ও আইসিরাও বিষয়টি খতিয়ে দেখছিলেন। ৪০ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপোর গয়না ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সোনারপুর ও কুলতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।