দ্য ওয়াল ব্যুরো : শনিবার পূর্ব দিল্লির সর্বোদয় বাল বিদ্যালয় থেকে দশম শ্রেণির পরীক্ষা (Tenth Standard Exam) দিয়ে বেরিয়েছিল চার ছাত্র। আচমকাই কয়েকজন তাদের ছুরি নিয়ে তাড়া করে। আততায়ীরা ছিল অপর একটি স্কুলের ছাত্র। সর্বোদয় স্কুলের চার ছাত্র ছুরিতে গুরুতর জখম হয়েছে।
দিল্লির ময়ূর বিহার অঞ্চলে অবস্থিত সর্বোদয় বাল বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরে ছাত্ররা যখন স্কুল ছেড়ে বেরোচ্ছে, তখনই আততায়ীরা চারজনকে তাড়া করে। তা দেখে বাকি ছাত্ররা ভয় পেয়ে ছুটতে থাকে। চার ছাত্র দৌড়ে একটি পার্কের মধ্যে ঢুকে পড়ে। আততায়ীরা তাড়া করে তাদের সেখানে ধরে ফেলে।
আহত চার ছাত্রের নাম গৌতম, রেহান, ফয়জান এবং আয়ুষ। তারা ত্রিলোকপুরিতে গভর্নমেন্ট বয়েজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র। সর্বোদয় বাল বিদ্যালয়ে তাদের পরীক্ষার সিট পড়েছিল। ছুরিরত ঘায়ে আহত হওয়ার পরে অন্য ছাত্ররা তাদের লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় পাণ্ডবনগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তারা জানতে পারে, চার ছাত্র গুরুতর আহত হয়েছে। পুলিশ সিসিটিভি-র ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আপাতত জানা গিয়েছে, তারা ছিল আর এস বাল বিদ্যালয়ের ছাত্র।