দ্য ওয়াল ব্যুরো: চার কন্যাসন্তানের গলার নলি কেটে খুন করা অভিযোগ উঠল তাদের মায়ের বিরুদ্ধে! শুক্রবার হরিয়ানার নুহ জেলার পিপরোলি গ্রামের এই ঘটনায় বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছেন সকলে। পুলিশ জানিয়েছে, ওই চার বোনের বয়স ১ থেকে ৭ বছরের মধ্যে।
নিহত শিশুদের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মায়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাঁকেও গুরুতর আহত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। সম্ভবত চার মেয়েকে খুন করে আত্মঘাতীয় হতে গিয়েছিলেন তিনি। আপাতত হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি তিনি।
পিপরোলি গ্রামের পুনহানা থানার স্টেশন হাউস অফিসার সমরজিত জানিয়েছেন, পুলিশ গিয়ে তার শিশুর মৃতদেহ উদ্ধার করে। রক্তে ভেসে যাচ্ছিল তারা। ঠিক কী কারণে এমনটা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তাঁর কথায়, "চার শিশুর মা-ই তাদের খুন করেছে গলা কেটে। খুন করার পরে নিজের গলা কেটে ফেলতে গিয়েছিলেন তিনি। তার আগেই আমরা পৌঁছই ঘটনাস্থলে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে তাঁকে হাসপাতালে।"
স্থানীয় সূত্রের খবর, সম্ভবত চরম অভাবেই এমন পথ বেছে নিয়েছেন তরুণী মা। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তে পাঠানো হয়েছে চার শিশুর দেহ।