দ্য ওয়াল ব্যুরো : চলতি সপ্তাহের শুরুতেই গোয়ায় দলবদল করে কংগ্রেসের ১০ বিধায়ক যোগ দেন বিজেপিতে। শনিবার তাঁদের তিনজনকে মন্ত্রিসভায় স্থান দিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বিধানসভায় প্রাক্তন বিরোধী নেতা চন্দ্রকান্ত কাভলেকরকে উপ মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হয়েছে। এদিন মোট চারজন গোয়ায় মন্ত্রী হিসাবে শপথ নেন।
গত শুক্রবার মুখ্যমন্ত্রী বিজেপির শরিক দল গোয়া ফরওয়ার্ড পার্টির তিন মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দেন। তাঁরা হলেন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই, বিনোদ পালিয়েনকর ও জয়েশ সালগাওকর। এক নির্দল মন্ত্রীকেও ইস্তফা দিতে বলা হয়। তাঁর নাম রোহন খাউন্তে। গোয়া ফরওয়ার্ড পার্টির মন্ত্রীরা অবশ্য ইস্তফা দিতে রাজি হননি। তাঁদের বক্তব্য ছিল, আমরা নিজেরা পদ ছাড়ব না। মুখ্যমন্ত্রী যদি পারেন তো আমাদের বরখাস্ত করুন।
বিজেপি তখন টুইটারে বলে, আলোচনার মাধ্যমে এই বিতর্কের সমাধান করতে হবে। শুক্রবার গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার মাইকেল লোবো ইঙ্গিত দেন, যাঁরা মুখ্যমন্ত্রীর কথা শুনতে চাইছেন না, তাঁদের বরখাস্ত করা হতে পারে। তাঁর কথায়, আপনারা মুখ্যমন্ত্রীর মুখের ওপরে কথা বলতে পারেন না। আপনারা বলেছেন, আপনাদের কথামতো কাজ না করলে সরকার ফেলে দেবেন। এই ধরনের ভাষা ব্যবহার করা উচিত নয়।
গত বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কাভলেকরের নেতৃত্বে ১০ কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দেন। ৪০ আসনবিশিষ্ট বিধানসভায় বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ২৭। ২০১৭ সালের বিধানসভা ভোটে রাজ্যে একক গরিষ্ঠ দল হয়েছিল কংগ্রেস। এখন তাদের মাত্র পাঁচ জন বিধায়ক আছে।
বিজেপির দাবি, ১০ জন কংগ্রেসী বিধায়ক স্বেচ্ছায় তাদের দলে যোগ দিয়েছেন। যদিও কংগ্রেস বিধায়কদের দলে নেওয়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বিজেপি কর্মীদের একাংশের মধ্যে। অসন্তোষ জানিয়ে শুক্রবার বিজেপি ছেড়েছেন প্রণব সানভোরদেকর নামে এক কর্মী। তিনি বলেছেন, যেভাবে কংগ্রেসের ১০ বিধায়ককে দলে নেওয়া হল তাতে আমি মর্মাহত।