দ্য ওয়াল ব্যুরো: আঘাত-পাল্টা আঘাতে সন্ত্রস্ত হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। সপ্তাহ দেড়েক আগে ইরানের শীর্ষ কম্যান্ডর কাসেম সোলেমানি নিহত হন মার্কিন এয়ার স্ট্রাইকে। তার পর ইরানের প্রত্যাঘাতে আক্রান্ত হয়েছে মার্কিন সেনা চৌকি। এসবের মধ্যেই রবিবার ফের ইরাকের যুদ্ধ বিমান ঘাঁটিতে রকেট হামলা করেছে আমেরিকা।
ইরাকের সংবাদমাধ্যম সূত্রের খবর, ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলার খবর মিলেছে। আমেরিকার তরফেই ছোড়া হয়েছে ওই মর্টারগুলি। এই হামলায় অন্তত চার জন সেনা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেই ইরানের সেনাকর্তা আমির আলি হাজিজাদেহ হুমকি দিয়েছিলেন, তাঁরা চাইলে মার্কিন হামলার জবাবে প্রথম আঘাতেই পাঁচ হাজার মার্কিন সেনাকে খতম করতে পারতেন।
তার পরেও আমেরিকা ফের হামলা করায় ক্রমে যেন যুদ্ধপরিস্থিতি ঘনাচ্ছে। যদিও ইরানের সঙ্গে রাশিয়ার বোঝাপড়ার কারণে এই মুহূর্তে হয়তো খুব বেশি আগ্রাসী হবে না আমেরিকা। কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে কখন কোন পাশা উল্টে যায়, তা কেউ জানে না।
ইরানের সেনাবাহিনী সূত্রের খবর, আমেরিকার ছোড়া সাতটা রকেটই ছিল কাত্যুশা ধরণের। রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলি ইরান ব্যবহার করে থাকে। এই হামলায় তাই খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।