
শেষ আপডেট: 4 January 2024 15:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কামারহাটিতে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আসিফ ওরফে কাল্লু। তাঁকে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আসিফের হাতে ও পা গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কামারহাটির ষষ্ঠীতলা এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই তৃণমূলকর্মী। বাইকে করে ৪ দুষ্কৃতী তাঁকে পিছন থেকে ধাওয়া করে। পর পর চারটি গুলি চালায়। দুটি গুলি গিয়ে লাগে কাল্লুর শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। পরে তাঁকে উদ্ধার করে সাগরদত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শরীর থেকে গুলি বের করার জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন ডাক্তারবাবুরা।
জানা গিয়েছে, কিছু দিন আগেই ওই তৃণমূল কর্মী হাসপাতালে দালাল চক্রের পর্দাফাঁস করেছিলেন। ওই দালালদের বিরুদ্ধে পোস্টার ছাপিয়ে প্রচার চালাচ্ছিলেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে ওই এলাকায়।