দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে ভয়াবহ ক্লাউডবার্স্ট, অন্তত চার জনের মৃত্যু হয়েছে। ৩০ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে প্রশাসন।
বুধবার ভোরে কিশতোয়ারের দাচ্চান তোহসিলের হোনজার গ্রামের এই ঘটনায় উদ্ধারকারী দল পৌঁছনোই মুশকিল। গ্রাম পর্যন্ত রাস্তার সংযোগই নেই কার্যত। কিশতোয়ারের জেলাশাসক অশোককুমার শর্মা জানিয়েছেন, সেনা ও পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনও এমনই চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এলাকাবাসীদের সতর্ক করা হয়েছে কিশতোয়ারেও। নদী, হ্রদের পাশে থাকা বাসিন্দাদের অন্যত্র সরতে বলা হয়েছে, কারণ বন্যা হতে পারে যে কোনও সময়।
তার মধ্যেই ঘটে গেল ক্লাউডবার্স্ট। মেঘভাঙা বৃষ্টির তোড়ে ভেসে গেল জনপদ।