
শেষ আপডেট: 19 June 2023 13:15
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার শুরুটা করেছিল। খুন, ধর্ষণ, চুরির অভিযোগ ওঠামাত্র অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নিদান দিয়েছিলেন যোগী। পরপর তেমন কয়েকটি ঘটনার পর যোগীকে অনেকে ‘বুলডোজার বাবা’ বলে ডাকতে শুরু করেন। একই পথে হেঁটে মধ্যপ্রদেশে ‘বুলডোজার মামা’ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দেখা গেল বিজয় রামচন্দানি নামের যুবককে রাস্তায় হাঁটু মুড়ে বসিয়ে, গলায় কুকুর বাঁধার চেন বেঁধে যে তিন যুবক নির্যাতন চালিয়েছিল, সেই তিনজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল।
ওই ঘটনার ভিডিও ক্লিপ ভাইরাল হয় রবিবার। সোমবার শিবরাজ সিং চৌহান নির্দেশ দেন জাতীয় নিরাপত্তা আইনে তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করার। তারপরই ওই তিন জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনা কী?
৪৮ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় রামচন্দানির গলায় পরানো পোষ্যদের জন্য তৈরি কলার। তাঁকে পর পর লাথি মেরে চলেছে একদল যুবক। কেউ আবার হাতে ছুরি নিয়ে তেড়ে যাচ্ছে তাঁর দিকে। বাকিরা অসহায় ওই যুবকের মা এবং বোনের নাম করে অশ্রাব্য গালিগালাজ করে চলেছে। তার পকেট থেকে কেড়ে নেওয়া হয়েছে দুটি মোবাইল এবং টাকা-পয়সা। শুধু তাই নয়, কুকুরের মতো করে ডাকতে বাধ্য করা হচ্ছে ওই যুবককে। বারবার ক্ষমা চাইলেও রেয়াত করা হয়নি তাঁকে।
অভিযোগ, নির্যাতিত যুবককে ধর্মান্তরিত হওয়ার কথাও বলেছিল অভিযুক্ত সাহিলরা। বলা হয়েছিল, বেশি বাড়াবাড়ি করলে মুখে গরুর মাংস ঠুসে দেওয়া হবে।
এই বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, অভিযুক্ত যদি দোষ করে থাকে তাহলে শাস্তি হোক। কিন্তু বাড়ি কেন গুঁড়িয়ে দেওয়া হবে। বাড়ির বাকিদের মাথার ছাদ কেড়ে নেওয়ার অধিকার কি কোনও সরকারের আছে? নাকি এটা ইরাক, ইরান, আফগানিস্তান?
পর্যবেক্ষকদের অনেকের এও প্রশ্ন, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেখানে সংখ্যালঘুরা অভিযুক্ত, সেখানেই এই বুলডোজার তাণ্ডব চলছে। দলিত হলেও তাই। কিন্তু উচ্চবর্ণের কেউ কোনও অপরাধ ঘটালে তা হচ্ছে না। সমালোচকদের অনেকের বক্তব্য, আসলে এই বুলডোজার চালিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মধ্যেও তীব্র মেরুকরণের রাজনীতিই রয়েছে। সেইসঙ্গে রয়েছে নির্দিষ্ট একটি অংশের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরির প্রবণতা। তবে সামগ্রিকভাবে অনেকেই গোটা পরিস্থিতি দেখে বলছেন, চটজলদি বিচারের নামে যেভাবে বুলডোজার চলছে তা আসলে বিচার ব্যবস্থার উপরেই আঘাত।
গলায় চেন-কলার পরিয়ে যুবককে বেধড়ক মার, কুকুরের মতো ডাকতে বাধ্য করা হচ্ছে! ভিডিও ভাইরাল