
শেষ আপডেট: 15 December 2022 06:07
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় (Kota) ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। রাজস্থান সরকার এবং কেন্দ্রের উচ্চশিক্ষা মন্ত্রকের কাছে তারা রিপোর্ট তলব করেছে। একইসঙ্গে কমিশন রাজস্থানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় সরকারকেও বলেছে অফিসারদের পাঠিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে। কমিশন মনে করছে, ছাত্রদের আত্মহত্যা (suicide) অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।
প্রসঙ্গত, গত পরশু কোটায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনজন পড়ুয়া আত্মঘাতী হয় ১২ ঘণ্টার ব্যবধানে। এই ঘটনায় সেখানকার বেসরকারি কোচিং সেন্টারগুলির অভ্যন্তরীণ অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা দেশেই মানুষ উদ্বিগ্ন। কারণ, চাকরি, উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কোটার বেসরকারি কোচিং সেন্টারগুলিতে ভর্তি হয়। এজন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। তারপরও সেখানে ভর্তির চাহিদা তুঙ্গে। ভর্তির প্রতিযোগিতাও তীব্র। অনেকেই শেষ পর্যন্ত সুযোগ পায় না। তাছাড়া,র্যাগিংয়ের অভিযোগ রয়েছে। তিন পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় গোটা দেশেই বাবা-মায়েরা চিন্তিত হয়ে পড়েছেন।
অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিজেদের সাফল্যের হার বজায় রাখতে প্রচুর চাপ তৈরি করে প্রস্তুতির পরীক্ষাতে। এর মানসিক চাপ নিতে পারে না অনেক পড়ুয়া।
এই জাতীয় অনাচারের ঘটনা নিয়ে অতীতে একাধিকবার কোটায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আত্মহত্যার ঘটনাও নতুন নয়। কমিশন এবার হেস্তনেস্ত করতে চায়।
প্রসঙ্গত, রাজস্থানের কোটায় দেশের বৃহত্তমএডুকেশন হাব গড়ে উঠেছে। তবে বেশিরভাগই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গড়ে ওঠা কোচিং সেন্টার। এগুলির বিরুদ্ধেই অভিযোগের বন্যা বয়ে যাচ্ছে। রাজস্থানের কংগ্রেস সরকার গত মাসে বেসরকারি কোচিং সেন্টারগুলি পরিচালনা নিয়ে একটি বিধি তৈরি করেছে। তাতে পড়াশুনোর খরচের উপর নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। মানসিক চাপ দূর করতেও পদক্ষেপ করতে বলা হয়েছে কোচিং সেন্টারগুলিতে।
এছাড়া রাজ্যের কংগ্রেস সরকার একটি বিশেষ কর্তৃপক্ষ তৈরি করছে, যারা বেসরকারি কোচিং সেন্টারগুলির উপর নজর ও নিয়ন্ত্রণ কায়েম করতে একটি কর্তৃপক্ষ তৈরি করার কথা জানিয়েছে। সেই কর্তৃপক্ষ কাজ শুরুর আগেই তিন পড়ুয়ার আত্মহত্যা কোটা নিয়ে চিন্তা আরও বেড়ে গেল।
সৎ মেয়েকে লাগাতার ধর্ষণ, যৌন নির্যাতন! অভিযুক্ত বাবাকে কী করল পুলিশ