
শেষ আপডেট: 31 October 2022 06:24
দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ (gang rape) করার অভিযোগ উঠল তিন নাবালকের (minor boys) বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ৩ জনের বিরুদ্ধে। ৩ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) জাজপুর জেলার জেনাপুর থানা এলাকায়। অভিযুক্ত তিনজন এবং নির্যাতিতা কিশোরী প্রত্যেককেই একই গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ৩ নাবালকের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানা গেছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছিল কয়েকদিন আগেই। তবে সেই বিষয়ে বাড়ির কাউকে কিছু জানায়নি নির্যাতিতা। কিন্তু সম্প্রতি ওই ধর্ষণের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নির্যাতিতার পরিবারের এক আত্মীয় ভিডিওটি দেখে তার বাবাকে জানান। এরপরই মেয়েকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তার বাবা, যার উত্তরে বাড়ির লোকজনকে সব কথা খুলে বলে নাবালিকা।
এরপরেই তিন নাবালকের বিরুদ্ধে জেনাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার বাবা। জেনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উমাকান্ত নায়েক জানিয়েছেন, নাবালিকাকে গণধর্ষণ করার সময় সম্পূর্ণ ঘটনা ক্যামেরাবন্দি করে রাখে ৩ নাবালক। তারপর নির্যাতিতার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারলেই ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে তারা।
কিন্তু টাকা দিতে অস্বীকার করে নাবালিকা। এরপরেই গত সপ্তাহে ওই ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেয় তিন অভিযুক্ত।
পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, পকসো আইন এবং তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়েছে। বিচারক তিনজনকেই হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
গুজরাতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ১৩০, উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে, নিখোঁজ বহু