দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার গভীর রাতে মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ১০৫ নম্বর মাইল ফলকের কাছে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখেন টহলরত পুলিশকর্মীরা। কাছে গিয়ে তাঁরা দেখেন, গাড়ির ভিতরে পড়ে আছে রক্তাক্ত তিনটি দেহ। তাদের মধ্যে রয়েছে একজোড়া প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ ও একটি ছোট মেয়ে। গুরুতর আহত অবস্থায় পড়ে ছটফট করছে একটি ছোট ছেলে।
মথুরা জেলার পুলিশ সুপার অশোক কুমার মিনা জানিয়েছেন, গাড়িটির মালিক ছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তিনি মঙ্গলবার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে নিউ ইয়ার্স ইভের পার্টিতে যোগ দিতে গিয়েছিলেন। ফেরার পথে স্ত্রী ও ছেলে, মেয়েকে গুলি করেন। পরে নিজে আত্মঘাতী হন। তাঁর ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।