দ্য ওয়াল ব্যুরো : ২০১৮ সালে রসায়নে নোবেল পেলেন আমেরিকার দুই বিজ্ঞানী ফ্রান্সেস আর্নল্ড ও জর্জ স্মিথ এবং ব্রিটিশ বিজ্ঞানী জর্জি উইন্টার। বুধবার নোবেল কমিটি তাঁদের নাম ঘোষণা করে। বিবর্তনের নীতি ব্যবহার করে তাঁরা এমন উৎসেচকের জন্ম দিয়েছেন যা দিয়ে জৈব জ্বালানি থেকে ওষুধ সবই তৈরি হতে পারে।
আর্নল্ড হলেন পঞ্চম মহিলা যিনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেলেন। পুরস্কারের অর্থমূল্য ৯০ লক্ষ সুইডিশ ক্রোনর। তার অর্ধেক পাবেন আর্নল্ড। বাকি অর্থ স্মিথ ও উইন্টার ভাগ করে নেবেন।
সুইডিশ রয়্যাল অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ২০১৮ সালে যাঁরা রসায়নে নোবেল পেলেন তাঁরা বিবর্তনের নীতিকে মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। ডারউইন যে বিবর্তনের তত্ত্ব আবিষ্কার করেছিলেন, তা তাঁরা টেস্ট টিউবের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহার করেছেন। তাঁরা বিবর্তন ঘটিয়েছেন প্রকৃতির চেয়ে হাজার গুণ বেশি দ্রুতগতিতে। তার ফলে নতুন প্রোটিন সৃষ্টি হয়েছে।
আর্নল্ড ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনলজিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর। স্মিথ ইউনিভার্সিটি অব মিসৌরির সঙ্গে যুক্ত। উইন্টার কেমব্রিজে ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজির সঙ্গে যুক্ত।