
শেষ আপডেট: 11 December 2023 12:05
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। শীতের ভোরে রাস্তাঘাট তখনও প্রায় অন্ধকার। গাড়িঘোড়াও সেভাবে চলাচল শুরু হয়নি। তাই রাস্তা ফাঁকা পেয়ে ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। উল্টোদিক থেকে হঠাৎ যে ডাম্পার এসে গিয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি। আর যখন দেখতে পেলেন, ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সোমবার ভোরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দহে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর।
ডাম্পার ও স্করপিওর মুখোমুখি সংঘর্ষে একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দেখেন, ভিতরে দলা পাকিয়ে রয়েছে তিনটে শরীর। পিছনের সিটে আরও চারজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ওই চারজনকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে কলকাতার এক হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ৬ জন মহিলা একটি স্করপিও গাড়ি করে কাঁচরাপাড়া থেকে ঘোলার মুড়াগাছা ফিরছিলেন। তখনই খড়দহের কাছে রুইয়া ব্রিজ থেকে নেমে ডাম্পারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ দুই মহিলার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্করপিওর সামনের অংশ এমনভাবেই দুমড়ে গিয়েছিল যে, ভিতরে আটকে পড়া যাত্রীদের টেনে বার করতে বেশ সমস্যার মুখে পড়তে হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
পরে রহড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরেই কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলছে। সেইজন্য ওই রাস্তার অবস্থা একেবারেই শোচনীয়। স্থানীয়রা জানাচ্ছেন, এই সম্প্রসারণের কাজের জন্য দীর্ঘ কয়েক কিলোমিটার একই লেন দিয়ে আপ-ডাউনে গাড়ি যাতায়াত করছে। আর কতবছর এই অসুবিধার মুখে পড়তে হবে, সেই নিয়েই বিক্ষোভ দেখান স্থানীয়রা।