
শেষ আপডেট: 19 November 2022 09:29
দ্য ওয়াল ব্যুরো: ফের কলেজ ক্যাম্পাসে স্লোগান (Chant) উঠল 'পাকিস্তান জিন্দাবাদ' (Pakistan Zindabad)। ঘটনার জেরে তিন কলেজ পড়ুয়াকে (College Students) ইতিমধ্যেই সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) 'নিউ হরাইজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং'-এ। প্রত্যেকেরই বয়স ১৭-১৮ বছরের মধ্যে বলেই জানিয়েছে বেঙ্গালুরু পুলিশ। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে।
জানা গেছে, ওই কলেজের একটি অনুষ্ঠানে পছন্দের আইপিএল দল নিয়ে পড়ুয়াদের মধ্যে আলোচনা চলছিল। এমন সময় হঠাৎই তিন পড়ুয়া 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিতে শুরু করে। তিনজনের নাম আরিয়ান, দীনাকর এবং রিয়া। তাদের এই কার্যকলাপে জোর উত্তেজনা ছড়ায় এলাকায়।
এদিকে ওইসময় সেখানে উপস্থিত থাকা এক পড়ুয়া গোটা ঘটনাটির ভিডিও তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে। সেটি নজরে পড়তেই কলেজ কর্তৃপক্ষ সেই তিন পড়ুয়াকে ডেকে সাসপেন্ড করে। সূত্রের খবর, অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি এবং জনমানসে ভীতি প্রদর্শনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার পরই অভিযুক্ত তিন পড়ুয়ার অভিভাবকদের সঙ্গে কথা বলে মারাথাহাল্লি থানার পুলিশ। একইসঙ্গে তাঁদেরকে কলেজ কর্তৃপক্ষও ডেকে গোটা বিষয়টি জানায়। এবং বলে দেওয়া হয় যে, তাঁদের সন্তানকে সাসপেন্ড করা হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে দু'পক্ষই। কেউ সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। যদিও পরে পুলিশ সংবাদমাধ্যমে জানায় যে, ওই তিন পড়ুয়া মজার ছলেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দিয়েছিল। তিনজনকে তদন্তে সহযোগিতা করার শর্তে জামিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে পঞ্জাবের মোগায় একটি কলেজে টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ফাইনালে পাকিস্তানকে সমর্থন করা নিয়ে কয়েকজন কাশ্মীরি পড়ুয়ার সঙ্গে ঝামেলা বাধে বিহারের ছাত্রদের। হয় হাতাহাতিও। এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হল বেঙ্গালুরুর বেসরকারি কলেজে।
'মোদীকে জেতান, নয়তো সব শহরে এমন আফতাবের মতো ছেলে জন্মাবে,' ভোটপ্রচারে দাবি মন্ত্রীর