
শেষ আপডেট: 19 August 2023 12:50
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur case) র্যাগিংয়ের অভিযোগ ও প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার হচ্ছেন একের পর এক অভিযুক্ত। ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছেন মোট ১২ জন। এরমধ্যে শুক্রবার রাতে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ (police custody)। শনিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। সেখানে বিচারক অভিযুক্তদের আগামী ৩১ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
শনিবার আলিপুর আদালতে সরকারি আইনজীবীরা বলেন, ‘সবাই মিলে পরিকল্পনামাফিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ওই পড়ুয়াকে খুন করা হয়েছে। এক এক করে যারা ধরা পড়ছে, তারা অপরাধী হিসাবে সফল। কিন্তু অভিনেতা হিসাবে ব্যর্থ।’ উল্লেখ্য, গ্রেফতার হওয়া তিনজনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এদিকে ওই তিন ছাত্রের হয়ে তাদের আইনজীবীরা আদালতে বলেন, ‘মোবাইল ছাড়া তাদের কাছ থেকে আর কিছুই নেয়নি পুলিশ। তবুও কেন তাদেরকে গ্রেফতার করা হল, সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে।’
এদের মধ্যে শেখ নাসিম যাদবপুরের প্রাক্তনী। বাকি দু’জন এখনও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শুক্রবার এই তিনজনকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল পুলিশ। সূত্রের খবর, তিনজনের বয়ানেই বিস্তর অসঙ্গতি মেলে। এরপরই তাদের গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, এই তিনজনই ঘটনার সময় হোস্টেলে উপস্থিত ছিলেন।
যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও ৩! ছাত্র মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য